সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদা দাবি: প্রাণনাশের হুমকি ও লুটপাটের অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদা দাবি: প্রাণনাশের হুমকি ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত : ১ জুন ২০২৬, রাত ১০:২৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্রয়কৃত জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকালে ২ কোটি টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগ উঠেছে চৌরঙ্গী ফিলিং স্টেশনের মালিক কাজী আব্দুল সাত্তার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আবু ছায়েদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় ৩৫ শতাংশ ১৭ পয়েন্ট জমি কিনে সম্প্রতি চারদিকে টিনের বেড়া দেওয়ার কাজ শুরু করেন আবু ছায়েদসহ কয়েকজন মালিক। এ সময় কাজী আব্দুল সাত্তার ওই জমিতে কাজ করতে হলে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৭ মে বিকেলে অভিযুক্তরা দলবল নিয়ে নির্মাণকাজে বাধা দেয় এবং বেড়া ভেঙে টিন ও লোহার অ্যাঙ্গেল লুট করে নিয়ে যায়। চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আবু ছায়েদ ও জমির একাংশের পূর্ববর্তী মালিক খোকন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রশস্তকরণের কারণে আব্দুল সাত্তারের ফিলিং স্টেশনের জায়গা কমে যায়। তাই তিনি পেছনের এই জমিটি কম দামে কেনার চেষ্টা করছিলেন। কাক্সিক্ষত দামে না পেয়ে তিনি এখন বর্তমান মালিকদের হয়রানি ও হুমকি দিচ্ছেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে কাজী আব্দুল সাত্তারের ভাতিজা কাজী তানভীর ইসলাম দাবি করেন, ক্রয় ও পৈতৃক সূত্রে ওই জমির মালিক তারা। আবু ছায়েদরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করায় তারা বাধা দিয়েছেন মাত্র।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, জমির মালিকানা ও চাঁদাবাজির বিষয়ে পাল্টাপাল্টি দুটি অভিযোগ পাওয়া গেছে। জমির মালিকানার বিষয়টি আদালত নির্ধারণ করবে। তবে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।