সারাদেশ

গণতন্ত্র ও মানুষের অধিকারের আদর্শ রেখে গেছেন শহীদ জিয়া: মামুন মাহমুদ

প্রিন্ট
গণতন্ত্র ও মানুষের অধিকারের আদর্শ রেখে গেছেন শহীদ জিয়া: মামুন মাহমুদ

প্রকাশিত : ১ জুন ২০২৬, রাত ১১:৫৮

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য গণতন্ত্র ও অধিকার আদায়ের যে আদর্শ রেখে গেছেন, বিএনপি তা অনুসরণ করেই রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

সোমবার (১ জুন) দুপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভা, বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক মামুন মাহমুদ বলেন, গত ৪৫ বছর ধরে দেশের মানুষ শহীদ জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। কারণ, তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপিই দেশে গণতন্ত্রের চর্চা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। দলের কোনো নেতাকর্মীর এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয় যাতে শহীদ জিয়ার আদর্শ ক্ষুন্ন হয় এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশের জন্য জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো বিএনপির নেতাকর্মীরাও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।