সারাদেশ

সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ ও বাড়িঘরে হামলার অভিযোগ

প্রিন্ট
সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ ও বাড়িঘরে হামলার অভিযোগ

প্রকাশিত : ৩ জুন ২০২৬, রাত ৯:০১

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ফতেকান্দি এলাকায় অনিক খাঁন সিয়াম নামে এক এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ এবং প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব অনিক খাঁন সিয়ামের সঙ্গে প্রতিবেশী তাইজুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে তাইজুল ইসলাম গত ২ এপ্রিল আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার রাতে সিয়ামের লোকজন সরকারি রাস্তায় টিনের বেড়া দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেয়।

পরদিন বুধবার সকালে রাস্তা বন্ধের প্রতিবাদ করলে সিয়ামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাইজুল ইসলামের ভাতিজা আবুল বাশারের দুটি ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভুক্তভোগীরা জরুরি সেবা ৯৯৯-এ কল করলে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এলাকাবাসীর অভিযোগ, সিয়াম নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে সরকারি হালট দখল ও বিভিন্ন অপকর্ম করে আসছেন। তবে অভিযুক্ত অনিক খাঁন সিয়াম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, বিষয়টি সিয়ামের ব্যক্তিগত সমস্যা বলে মনে হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হোক, এতে আমাদের দলীয় কোনো আপত্তি থাকবে না।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।