সারাদেশ

দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত সেলিনা হায়াৎ আইভী

প্রিন্ট
দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত সেলিনা হায়াৎ আইভী

প্রকাশিত : ৩ জুন ২০২৬, রাত ১১:৩১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। সব মিলিয়ে ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকার পর বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে তিনি কারামুক্ত হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে আইভীর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর তা যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

২০২৫ সালের ৫ মে গ্রেপ্তারের পর সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক মেয়রের বিরুদ্ধে হত্যাসহ মোট ১২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ফতুল্লা ও সদর মডেল থানায় রুজু হওয়া একাধিক হত্যা এবং হত্যাচেষ্টা মামলা রয়েছে।

গত ১০ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আইভীকে ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। পরবর্তীতে বাকি ২টি মামলাতেও হাইকোর্টের জামিনাদেশ গত ১৭ মে চেম্বার আদালতে বহাল থাকে।

এর আগে, সুনির্দিষ্ট কারণ ছাড়া বারবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন আইভী। এর প্রেক্ষিতে গত ২৬ এপ্রিল আদালত একটি রুল জারি করেন। রুলে শুধুমাত্র হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানো কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে নতুন করে গ্রেপ্তার না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

সব আইনি বাধা পেরিয়ে অবশেষে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর কারামুক্ত হলেন সাবেক এই জনপ্রিয় সিটি মেয়র।