সারাদেশ

বিএনপি নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

প্রিন্ট
বিএনপি নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ৪ জুন ২০২৬, রাত ১০:০৫

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখল করার চেষ্টা চালাচ্ছেন। এমনকি তিনি স্থানীয় মিতালি মার্কেট মসজিদ নির্মাণের সময়ও বাধা, হামলা ও লুটপাট করেছিলেন এবং মসজিদের জমি নিজের দাবি করে আদালতে মামলা করলেও কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। এখন তিনি নিজের অপকর্ম ঢাকতে এবং জমি দখলের উদ্দেশ্যে নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেনসহ এলাকার সম্মানিত ব্যক্তিদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। মিতালি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আমির হোসেন বাদশা বলেন, আওয়ামী লীগের দোসর আব্দুস সাত্তার এখন আবার সক্রিয় হয়ে উঠেছেন। মসজিদের জমি নিজের দাবি করে তিনি জঘন্য মিথ্যাচার করছেন। বক্তারা সাত্তারের এসব অন্যায়-জুলুম থেকে রক্ষা পেতে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মিতালি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আমির হোসেন বাদশার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বকুল, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদিন জুয়েল এবং জাতীয়তাবাদী তরুণ দলের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. লিটন মোল্লাসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।