সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ৫ জুন ২০২৬, রাত ১০:২৭

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তর্জাতিক মুদ্রা ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৫ জুন) উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মানিক হোসেন (৪৩), মোঃ হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মোঃ আশরাফুল ইসলাম (৪৭), মোঃ মনোয়ার হোসেন (৪০) এবং মোঃ মোখলেছ (৪৮)। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলে জানা গেছে।

পুলিশ জানায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা এবং অগ্রণী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখার ক্যাশিয়ার মোঃ জুবায়েত জাহিদসহ তিন ব্যক্তি এই চক্রের প্রতারণার শিকার হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রতারকদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডলার প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত আলামত যাচাই করে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।