সারাদেশ

নারায়ণগঞ্জে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার

প্রিন্ট
নারায়ণগঞ্জে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার

প্রকাশিত : ৫ জুন ২০২৬, রাত ১১:১৯

নারায়ণগঞ্জ শহরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সামাজিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ-এর উদ্যোগে এবং টিম খোরশেদ-এর পরিচালনায় এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্যখাতে চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা গেলে রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তিনি টিম খোরশেদের এই ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বল্প খরচে এমন অ্যাম্বুলেন্স সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত প্রকল্প গ্রহণের চেষ্টা করা হবে। টিম খোরশেদের লিডার ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রয়াস। করোনা মহামারির অভিজ্ঞতা থেকে মানুষের জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করেই টিমের সদস্যরা এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজিব এবং মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু।