বিজিবি জানায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জোরালো বাধা দেয়। অনুপ্রবেশের শিকার ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। গত ২৬ মে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে রাখে, যেখানে আরও প্রায় দুই-তিনশ মানুষ ছিলেন। পরে তাদের বিভিন্ন দলে ভাগ করে বিএসএফের মাধ্যমে সীমান্তে এনে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি ও টহল জোরদার করা হয়েছে। এই ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলমান রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মতামত