সারাদেশ

জলঢাকায় সরকারি রাস্তা দখলের অভিযোগ, ভোগান্তিতে কয়েকটি পরিবার

প্রিন্ট
জলঢাকায় সরকারি রাস্তা দখলের অভিযোগ, ভোগান্তিতে কয়েকটি পরিবার

প্রকাশিত : ১৭ জুন ২০২৬, সন্ধ্যা ৮:২১

নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়া ডাঙ্গি ডাঙ্গাপাড়া এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত চলাচলের রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে কয়েকটি পরিবারের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চাওড়া ডাঙ্গি মৌজার একটি চলাচলের পথে সুপারি গাছ রোপণ ও বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা রশিদুল ইসলাম অভিযোগ করেন, তিনি ও তার পরিবারের সদস্যরা প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে সরকারি খাস খতিয়ানভুক্ত ওই রাস্তা ব্যবহার করে আসছেন। দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের একমাত্র চলাচলের পথ বন্ধ করার চেষ্টা করছেন।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মিজানুর রহমান, তফেল উদ্দিন, আতাজুল ইসলাম, রবিউল ইসলাম, রজিদুল ইসলাম ও আবুয়াল হোসেনসহ কয়েকজনকে। রশিদুল ইসলাম আরও দাবি করেন, গত ৮ জুন দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে রাস্তার ওপর সুপারি গাছ রোপণ এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার কয়েকটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে।ভুক্তভোগীদের দাবি, চাওড়া ডাঙ্গি মৌজার জেএল নম্বর ১১-এর বিএস খতিয়ান নম্বর ১ এবং দাগ নম্বর ৬৬৪ অনুযায়ী রাস্তার জমির পরিমাণ ৬ শতক। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জলঢাকা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে রাস্তা উন্মুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।