স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে শপিংমলের বেইসমেন্ট থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন ছড়াতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
সোনারগাঁ ফায়ার স্টেশনের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, আগুনে শপিংমলের বেইসমেন্টের বৈদ্যুতিক মিটার ও ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও চূড়ান্ত ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে।
এদিকে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সন্দেহের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, এটি সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা। সম্প্রতি শপিংমলের কিছু ব্যবসায়ীকে দোকান ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। এর মাত্র একদিন পরই এই রহস্যজনক আগুনের ঘটনা ঘটায় মার্কেট থেকে জোরপূর্বক উচ্ছেদের উদ্দেশ্যেই আগুন লাগানো হয়েছে বলে দাবি তাদের।
তবে ব্যবসায়ীদের অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন শপিংমলের মালিক মাজারুল ইসলাম নবী। তিনি দাবি করেন, এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও প্রশাসনের তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
মতামত