নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী পুরাতন থানা সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় থেকে সংসদ সদস্যদের ছবি ও মূল ফটকের সাইনবোর্ড সরিয়ে ফেলা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের দাবি, এটি কোনো রাজনৈতিক কোন্দল নয়, বরং কার্যালয়ের অভ্যন্তরীণ সংস্কার কাজের জন্যই সাময়িকভাবে সরানো হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধায় এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মুঠোফোনে জানান, এই কার্যালয়টি থেকেই একসময় বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল এবং এটি উদ্বোধন করেছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। ছবি ও সাইনবোর্ড সরানোর বিষয়ে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে স্বীকার করে তিনি বলেন, বর্তমানে অফিসের ভেতরে সংস্কার কাজ ও সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এই কারণেই সাময়িকভাবে ছবি ও সাইনবোর্ড নামিয়ে রাখা হয়েছে। কাউকে ছোট বা অসম্মান করার কোনো সুযোগ এখানে নেই।
দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জে আগমন করবেন এবং এই কার্যালয়ে বসেই নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। যেহেতু তাঁর জন্য আলাদা কোনো জায়গা নির্ধারিত নেই, তাই এই কার্যালয়টিকেই ব্যবহার করা হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মনির হোসেন আরও বলেন, এই জেলা কার্যালয়টি দলের সব স্তরের নেতাকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে মুরুব্বী এবং রাজনৈতিক অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, সবার মাঝে ঐক্য বজায় রয়েছে এবং কোনো বিভেদ ছাড়াই সকলে একসঙ্গে কাজ করতে চান।
মতামত