সারাদেশ

সিদ্ধিরগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষ: শিশু নিহত আহত ৪

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষ: শিশু নিহত আহত ৪

প্রকাশিত : ২০ জুন ২০২৬, রাত ১:১৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-বাবা ও ছোট ভাইসহ আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে লিংক রোডের জালকুড়ি আন্ডারপাস এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার আশিকুর রহমান শামীমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশাকে একই দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং শিশু হুমাইরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

দুর্ঘটনায় আহত অন্য ৪ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিশুটির মা সানজিদার অবস্থা আশঙ্কাজনক। তবে সিএনজিচালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক প্রাইভেটকারের ভেতরে থাকা দুই আরোহীকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে পিস্তলের মতো দেখতে একটি লাইটার উদ্ধার করা হয়। উপস্থিত স্থানীয়দের দাবি, প্রাইভেটকারে থাকা ওই দুই ব্যক্তি নারায়ণগঞ্জের ফকির গার্মেন্টস এর মালিকপক্ষের আত্মীয়। আহত বাবা আশিকুর রহমান শামীম জানান, আমরা সিএনজিতে চড়ে চাষাঢ়া থেকে সাইনবোর্ডে যাচ্ছিলাম। পথেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আমার ৬ বছরের মেয়েটা মারা গেছে। আমার স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। আমি আর আমার ১ বছরের ছোট ছেলেটা বড় কোনো আঘাত পাইনি, তবে সিএনজি চালকের অবস্থাও খুব খারাপ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর চালক কৌশলে পালিয়ে গেছে। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।