সারাদেশ

নারায়ণগঞ্জে যুবদলের দিনব্যাপী অবস্থান কর্মসূচি

প্রিন্ট
নারায়ণগঞ্জে যুবদলের দিনব্যাপী অবস্থান কর্মসূচি

প্রকাশিত : ২৩ জুন ২০২৬, রাত ৯:২৯

আওয়ামী লীগের অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মঙ্গলবার (২৩ জুন) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সতর্ক অবস্থান নেওয়া হয়।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা চাষাড়া শহীদ মিনার চত্বর, কিল্লারপুল, হাজীগঞ্জ বাজার, খানপুর মেট্রো হল স্ট্যান্ড, মন্ডলপাড়া পুল, সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড, চৌধুরী বাড়ি এবং বন্দর রেললাইন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা সম্ভাব্য সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

দিনব্যাপী বিভিন্ন স্পট পরিদর্শনকালে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। মনিরুল ইসলাম সজল বলেন, আওয়ামী লীগের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর যুবদল শক্ত অবস্থানে রয়েছে। এখানে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বরদাস্ত করা হবে না। জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদল মাঠে সক্রিয় রয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।