সারাদেশ

চাকরির প্রলোভনে লাইসেন্সধারী অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রিন্ট
 চাকরির প্রলোভনে লাইসেন্সধারী অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ২৪ জুন ২০২৬, সন্ধ্যা ৭:১২

উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অস্ত্রের লাইসেন্সধারীদের ফাঁদে ফেলে অস্ত্র লুট করা একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া দুটি শর্টগান, একটি এয়ারগান, ৩৮ রাউন্ড গুলি, একটি হাইয়েস মাইক্রোবাস, একটি ওয়াকিটকি ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, চক্রটি অনলাইনে চীনা কোম্পানিসহ বিভিন্ন ভিআইপি ব্যক্তির নিরাপত্তারক্ষী পদে উচ্চ বেতনের ভুয়া চাকরির বিজ্ঞাপন দিত। সেই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে লাইসেন্সধারী ব্যক্তিরা বৈধ অস্ত্রসহ ইন্টারভিউ দিতে এলে তাদের একটি মাইক্রোবাসে তোলা হতো। পরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীদের রূপগঞ্জের ১০০ ও ৩০০ ফুট সড়কের পাশে ফেলে পালিয়ে যেত চক্রটি।

গত ১৭ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত একই কৌশলে চারটি অস্ত্র লুটের ঘটনা ঘটে। এর মধ্যে রূপগঞ্জ থানায় তিনটি এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়। এসব মামলার তদন্তে নেমে জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চক্রটিকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।