সারাদেশ

আর্জেন্টিনার সমর্থনে দোকানের নাম বদল: জার্সি পরলেই বিশেষ ছাড়

প্রিন্ট
আর্জেন্টিনার সমর্থনে দোকানের নাম বদল: জার্সি পরলেই বিশেষ ছাড়

প্রকাশিত : ২৪ জুন ২০২৬, সন্ধ্যা ৮:১৬

ফুটবল বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য বহিঃপ্রকাশ। এই উন্মাদনায় শামিল হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার এক সবজি ব্যবসায়ী নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত কাওসার আলী নিজের দোকানের নাম বদলে রেখেছেন আর্জেন্টিনা সবজি ভাণ্ডার। শুধু তাই নয়, প্রিয় দলের জার্সি পরে এলে সবজি কেনায় বিশেষ ছাড়ের ঘোষণাও দিয়েছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কাঁচাবাজারের অন্য সব দোকান থেকে কাওসারের খুচরা সবজির দোকানটি সম্পূর্ণ আলাদা। পুরো দোকান সাজানো হয়েছে নীল-সাদা রঙের পতাকায়। দোকানের সামনে বড় অক্ষরে নতুন নামের সাইনবোর্ড। তার পাশেই ঝুলছে আকর্ষণীয় ঘোষণা আর্জেন্টিনার জার্সি পরে আসলেই কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত ছাড়।

এই ঘোষণার পর থেকেই বাজারে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে দূর-দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন কাওসারের দোকানে। রাহাত নামে এক ক্রেতা বলেন, জার্সি পরে সবজি কিনলে ১০ টাকা ছাড় এমন কাণ্ড কখনো শুনিনি। এতে মেসির প্রতি ভালোবাসাও প্রকাশ হলো, আবার পকেটের টাকাও কিছু বাঁচল। এমনকি অন্য দলের সমর্থকেরাও কৌতূহল নিয়ে দোকানটি দেখতে আসছেন।

দোকানের মালিক কাওসার আলী বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে এই দলের খেলা নিয়ে আলাদা উত্তেজনা কাজ করে। তাই নিজের ভালোবাসা প্রকাশ করতে দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। ক্রেতাদেরও একটু আনন্দ দিতে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি।

স্থানীয়দের মতে, ফুটবল প্রেমের এমন ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন প্রকাশ এই বাজারে এর আগে কখনো দেখা যায়নি।