সারাদেশ

কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে: সেতু প্রতিমন্ত্রী

প্রিন্ট
কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে: সেতু প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন ২০২৬, সন্ধ্যা ৮:৩৮

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। তিনি বলেন, টার্মিনালটি চালু হলে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের একটি অংশ এখানে স্থানান্তর করা হবে।

বুধবার (২৪ জুন) বিকেলে কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর যানজট ও টার্মিনালগুলোর ওপর চাপ কমাতে যাত্রাবাড়ী ও সায়েদাবাদের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। কাঁচপুর টার্মিনালের কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ৪৮ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে হাবিবুর রশীদ বলেন, রাজধানীর চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় যানজট বেড়েছিল। বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কাজ করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম ও সিলেটমুখী দূরপাল্লার বাসের একটি অংশ ঢাকার বাইরে থেকেই যাত্রী ওঠানামা করতে পারবে, যা রাজধানীতে যানবাহনের চাপ অনেকাংশে কমিয়ে আনবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত প্রমুখ।