সারাদেশ

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর ইকবালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর ইকবালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশিত : ২৭ জুন ২০২৬, দুপুর ২:২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নাসিক ওয়ার্ড সচিব মো. মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত ১৯ এপ্রিল সাবেক কাউন্সিলর ইকবালের ভাই তুহিনকে সরিয়ে মেহেদী হাসানকে ২নং ওয়ার্ডের সচিব হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই আসামিরা ক্ষুব্ধ ছিল।

ঘটনার দিন ইকবালের নির্দেশে তাঁর অনুসারী মুক্তার, সোলাইমান পলাশসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে সিটি করপোরেশনের ল্যাম্পপোস্ট মেরামতের কাজে বাধা দেয়। পরবর্তীতে তারা মেহেদী হাসানের বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করে। অভিযোগে উল্লেখ করা হয়, একপর্যায়ে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন মেহেদীর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। পরে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পদত্যাগের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।