সারাদেশ

নারায়ণগঞ্জে আদালত চত্বর থেকে চুরি হওয়া কারসহ ৩টি গাড়ি উদ্ধার গ্রেপ্তার ৩

প্রিন্ট
নারায়ণগঞ্জে আদালত চত্বর থেকে চুরি হওয়া কারসহ ৩টি গাড়ি উদ্ধার গ্রেপ্তার ৩

প্রকাশিত : ২৮ জুন ২০২৬, রাত ১২:১৭

নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কারসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা গাড়ি চোর চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

পুলিশ সুপার জানান, গত ২৬ জুন বেলা ১১টার দিকে আদালত চত্বর থেকে একটি প্রাইভেট কার চুরির অভিযোগ পায় পুলিশ। এরপর ফতুল্লা থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে নামে পুলিশ। প্রথমে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া-চিতাশাল এলাকা থেকে চোর চক্রের মূলহোতা মুক্তার হোসেন ওরফে মুক্তাকে (৪৮) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে চক্রের অপর দুই সদস্য মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) ও আলাউদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এ সময় নাঙ্গলকোট থেকে আদালত চত্বরের কারটিসহ মোট ৩টি চোরাই গাড়ি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা অত্যন্ত চতুর। তারা দেশের বিভিন্ন জেলার পার্কিং ও নির্জন এলাকা থেকে সুযোগ বুঝে গাড়ি চুরি করত। এরপর নম্বর প্লেট ও ভেতরের কাগজ পরিবর্তন করে অন্য জেলায় পাচার বা বিক্রি করে দিত। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই ৪টি গাড়ি চুরি এবং ১টি মাদক মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি আরও জানান, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এবং উদ্ধার হওয়া বাকি দুটি গাড়ির প্রকৃত মালিক কারা, তা যাচাইয়ের কাজ চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।