সারাদেশ

জাল দলিলের মাধ্যমে মালিকানা পরিবর্তনের অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন

প্রিন্ট
জাল দলিলের মাধ্যমে মালিকানা পরিবর্তনের অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ২৮ জুন ২০২৬, বিকাল ৩:৫৪

শেরপুরে একটি ফিলিং স্টেশনের মালিকানা ও ব্যবসা পরিচালনা নিয়ে বিরোধের জেরে অপর অংশীদারের বিরুদ্ধে জালিয়াতি, আর্থিক অনিয়ম এবং জাল দলিলের মাধ্যমে মালিকানা পরিবর্তনের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. বাবুল মিয়া।

শনিবার বিকেল ৪টায় শেরপুর জেলা প্রেসক্লাবের নিউ মার্কেট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০২৪ সালের ডিসেম্বর থেকে তিনি ও ফারুক আহমেদ যৌথভাবে মেসার্স বাবর ফিলিং স্টেশন পরিচালনা করে আসছিলেন। এ ব্যবসায় তিনি ৩ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা বিনিয়োগ করেছেন বলেও উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে বাবুল মিয়া অভিযোগ করেন, একপর্যায়ে ফারুক আহমেদ এককভাবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে জ্বালানি তেল সরিয়ে নেওয়া, ব্যবসার আয় ব্যয়ের হিসাব গোপন রাখা এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিলে জালিয়াতির মাধ্যমে নিজের নামে ৯০ শতাংশ মালিকানা দেখানোর চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, সংরক্ষিত মূল দলিলে এ ধরনের কোনো তথ্য উল্লেখ নেই।

তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাবুল মিয়ার সমর্থক এবং কয়েকজন সাক্ষী উপস্থিত ছিলেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত সব অভিযোগ অভিযোগকারী পক্ষের বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত ফারুক আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।