সারাদেশ

রংপুরে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগে শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত

প্রিন্ট
রংপুরে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগে শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৮ জুন ২০২৬, সন্ধ্যা ৮:১৭

বাংলাদেশ পুলিশের সেবার ব্রতে চাকরি স্লোগানকে সামনে রেখে রংপুর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পুরুষ ও নারী প্রার্থীরা ১ হাজার ৬০০ ও ১ হাজার মিটার দৌড়, লং জাম্প এবং হাই জাম্প ইভেন্টে অংশ নেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (সাপ্লাই) মুহাম্মদ ইসমাইল হুসাইন এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট অ্যান্ড লজিস্টিকস) মো. মুজাহিদুল ইসলাম।

এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) সঞ্জয় কুমার, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. নাছিমুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. মুকুল হোসেন।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পুরো প্রক্রিয়ায় উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।

পরীক্ষা শেষে পুলিশ সুপার জানান, পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রার্থীদের আগামীকাল সকাল সাড়ে ৭টার মধ্যে মাঠে উপস্থিত থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, মেধাভিত্তিক এবং বহুস্তরের মনিটরিংয়ের মাধ্যমে পরিচালিত হয়। কোনো দালাল বা প্রতারকের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কেউ প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জানানোর পরামর্শ দেন।

দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সদস্য ও দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান পুলিশ সুপার।