সারাদেশ

মামলা তদন্তে নিরপেক্ষতা ও আন্তরিকতার আহ্বান, সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

প্রিন্ট
মামলা তদন্তে নিরপেক্ষতা ও আন্তরিকতার আহ্বান, সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

প্রকাশিত : ২৮ জুন ২০২৬, সন্ধ্যা ৮:২৬

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

রোববার (২৮ জুন) সকালে থানা পরিদর্শনে গেলে সিদ্ধিরগঞ্জ থানার একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি থানার সার্বিক কার্যক্রম, মামলা-সংক্রান্ত নথিপত্র, বিভিন্ন রেজিস্টার ও প্রশাসনিক কার্যাবলি পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে কর্মকর্তাদের উদ্দেশে অতিরিক্ত ডিআইজি বলেন, প্রতিটি মামলা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করতে হবে। পাশাপাশি থানায় জমা হওয়া অভিযোগগুলো নিরপেক্ষভাবে অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, থানায় সেবা নিতে আসা প্রতিটি মানুষের সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণ করতে হবে। কোনো ধরনের হয়রানি ছাড়াই সাধারণ মানুষ যেন দ্রুত ও ন্যায়সঙ্গত আইনি সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে থানা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।