সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

প্রিন্ট
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

প্রকাশিত : ১ জুলাই ২০২৬, রাত ১০:৪২

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। অবিলম্বে গণভোটের মাধ্যমে প্রকাশিত জনমত ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

২-৯ জুলাই মহানগরী, থানা ও ওয়ার্ড পর্যায়ে গণঅভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের পরিবারের সঙ্গে মতবিনিময় ও স্মরণসভা। ১৭ জুলাই গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যুব র‌্যালি। ১৮-৩১ জুলাই থানা ভিত্তিক গণসমাবেশ, স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শনী ও বিশেষ দোয়া মাহফিল। ১ আগস্ট মহানগরী জামায়াতের উদ্যোগে গণমিছিল। ২-৫ আগস্ট শ্রমিক ও মহিলা বিভাগের উদ্যোগে যথাক্রমে গণসমাবেশ এবং আলোচনা সভা।

সংবাদ সম্মেলনে কয়েকটি দাবিও পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা এবং গণরায় বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এ সময় মহানগরী নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জি. মো. মানোয়ার হোসাইনসহ জেলা ও মহানগরীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।