সারাদেশ

নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রিন্ট
নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত : ১ জুলাই ২০২৬, রাত ১০:৫৩

প্রধানমন্ত্রীর অনুশাসন প্রতিপালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) উদ্যোগে মাসব্যাপী এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করার প্রত্যয়ে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন এবং নগরবাসীকে একটি সুস্থ ও সুন্দর নগরী উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। পরিচ্ছন্নতা বজায় রাখতে তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনের পর পরই নগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রধান সড়ক, ড্রেন ও অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়। নাসিক-এর পরিচ্ছন্নতা কর্মীরা আধুনিক যন্ত্রপাতি নিয়ে এই বিশেষ অভিযানে অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, সাবেক মহিলা কাউন্সিলর বিভা হাসান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, দিলারা মাসুদ ময়না, মাসুদ রানা, মহিলা নেত্রী বন্যা আক্তারসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।