সারাদেশ

জুলাই বিপ্লব বার্ষিকী: নারায়ণগঞ্জ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রিন্ট
জুলাই বিপ্লব বার্ষিকী: নারায়ণগঞ্জ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : ২ জুলাই ২০২৬, রাত ১১:৫৮

জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় মুহিত ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা মমিনুল হক সরকার।

সংবাদ সম্মেলনে তিনি ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ ও তাৎপর্য তুলে ধরতে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে জেলায় এসব কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, ৪ জুলাই ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে সমর্থন ও অংশগ্রহণ।

৫-২০ জুলাই থানা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা। ১৩ জুলাই জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক সেমিনার।

২৩-২৫ জুলাই উপজেলা ও থানা পর্যায়ে জুলাই আন্দোলনের চিত্র প্রদর্শনী। ২৯ জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা। ১ আগস্ট উপজেলাভিত্তিক গণমিছিল। ২-৪ আগস্ট শ্রমিকদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন। ৫ আগস্ট ১১ দলীয় জোটের সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা আমির জানান, সরকার জুলাই বিপ্লবের বার্ষিকী কীভাবে পালন করবে, সে বিষয়ে তারা অবগত নন।

জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, শ্রমিক নেতা আব্দুল মান্নানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।