ঢাকার আফতাবনগর ও নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার বাড্ডার আফতাবনগরের বাসিন্দা মো. নাজমুল হোসেন (৪১) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল শান্তিনগরের মো. হাবিব মিয়া (৩০)। আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ড শেষে আসামিদের পুনরায় আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার ব্যবসায়ী মো. নুর কামাল আজাদের সঙ্গে গত ২ মে হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক ট্রেডিং প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে এক ব্যক্তি যোগাযোগ করেন। পরে একটি ভুয়া অনলাইন ট্রেডিং ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগের প্রলোভন দেখানো হয়। প্রথমে ১০ হাজার টাকা বিনিয়োগে লাভ দেখিয়ে আস্থা অর্জন করে চক্রটি। এরপর ধাপে ধাপে ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় তারা। কোনো অর্থ ফেরত না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা করেন।
পিবিআই জানায়, চক্রটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সহজ-সরল মানুষকে টার্গেট করত। ভুয়া অ্যাপে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পর তা দ্রুত ক্রিপ্টোকারেন্সিতে (ডিজিটাল মুদ্রা) রূপান্তর করে দেশ-বিদেশে পাচার করত। অভিযানের সময় তাদের কাছ থেকে একাধিক স্মার্টফোন ও একটি পকেট রাউটার জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে কম্বোডিয়া ও চীনসহ বিভিন্ন দেশে অবস্থানকারী সহযোগীদের সঙ্গে তাদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে এই আন্তর্জাতিক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। অনলাইনে অপরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মতামত