সারাদেশ

সোনারগাঁয়ে ফ্রেশের ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার চালক গ্রেপ্তার

প্রিন্ট
সোনারগাঁয়ে ফ্রেশের ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার চালক গ্রেপ্তার

প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:৪৩

সোনারগাঁও থেকে মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করার পাশাপাশি অভিযুক্ত ট্রাকচালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এবং রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তেল উদ্ধার ও চালককে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে সোনারগাঁওয়ের গঙ্গানগরে অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে একটি ট্রাকে (সিলেট-ট ১১-০৬৫৮) রংপুরের উদ্দেশে ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়। কিন্তু নির্ধারিত গন্তব্যে পণ্য না পৌঁছে দিয়ে ট্রাকচালক আল আমিন গাজী মালামালসহ উধাও হয়ে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে গাজীপুর থেকে চালক আল আমিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার থেকে আত্মসাৎকৃত ৭১৬ কার্টন সয়াবিন তেল ও ট্রাকটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই তেল আত্মসাতের পেছনে বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।