সারাদেশ

সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিকদের দাপট: চাঁদাবাজিতে অতিষ্ঠ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিকদের দাপট: চাঁদাবাজিতে অতিষ্ঠ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা

প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৮:১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নামসর্বস্ব পত্রিকা ও ফেসবুক পেজের লোগো ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে একদল কথতি সাংবাদিকদের বিরুদ্ধে। সকাল থেকে রাত পর্যন্ত সরকারি-বেসরকারি দপ্তর, জ্বালানি তেলের ডিপো, শিল্পকারখানা ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে দল বেঁধে গিয়ে তারা চাঁদা দাবি করছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের অভিযোগ, গোদনাইল ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, পদ্মা ও মেঘনা ডিপো, ডিপিডিসি এবং পাসপোর্ট অফিসে প্রতিদিন ২৫-৩০ জনের চক্রটি সাংবাদিক পরিচয়ে ভিজিটিং কার্ড দিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে অনিবন্ধিত পোর্টালে বা ফেসবুকে অপপ্রচারের হুমকি দেওয়া হয়। ঢাকা ও স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আসা এসব কথিত সাংবাদিকদের অত্যাচারে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে।

সিদ্ধিরগঞ্জের কর্মরত পেশাদার সাংবাদিকরা জানান, এসব নামধারী ও অপ-সাংবাদিকদের কর্মকাণ্ডে তারা প্রতিনিয়ত বিব্রত হচ্ছেন। সংবাদ মাধ্যমের পবিত্রতা রক্ষায় এসব চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কোনো সাংবাদিক যদি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে হুমকি বা অনৈতিকভাবে অর্থ দাবি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে, আইন পাস হলে অপ-সাংবাদিকতা বন্ধ হবে। একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য পেশাদার সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।