সারাদেশ

সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের দাফন সম্পন্ন

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের দাফন সম্পন্ন

প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, রাত ৯:৩২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়।

সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় মোড়ানো মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিজমিজি পশ্চিমপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এস এম নুর আলম মিয়া, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নূর হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সফর আলী এবং মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাঈদুর রহমান প্রমুখ।