সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, রাত ১০:০০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. শাহিন মিয়া (৪৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর এলাকার নির্মাণাধীন মদিনা টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহিন মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার তেলিয়া হরিপুর গ্রামের মৃত আব্দুল মন্নাছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভবনের তৃতীয় তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন শাহিন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ হাসপাতালের মর্গে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের ছেলে শাকিব ইসলাম ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।