সারাদেশ

রূপগঞ্জে ডিবি পরিচয়ে চিনি ডাকাতি: ট্রাকসহ গ্রেপ্তার ৩

প্রিন্ট
রূপগঞ্জে ডিবি পরিচয়ে চিনি ডাকাতি: ট্রাকসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, রাত ১০:৩৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চিনি বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৪৪ বস্তা চিনি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার কদমতলীর সুমন (৪৫), নরসিংদীর রায়পুরার ওমর ফারুক ও পটুয়াখালীর দুমকি এলাকার শহীদ মীর।

রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ২ জুলাই রূপগঞ্জের গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায় চক্রটি।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ৪৪ বস্তা চিনি ও ট্রাকসহ ওই তিন ডাকাতকে গ্রেপ্তার করে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।