সারাদেশ

জননিরাপত্তা নিশ্চিতে যৌথ অভিযানের আহ্বান নারায়ণগঞ্জের ডিসির

প্রিন্ট
জননিরাপত্তা নিশ্চিতে যৌথ অভিযানের আহ্বান নারায়ণগঞ্জের ডিসির

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, রাত ১১:২১

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সমন্বিত অভিযানের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসক মাদক ও অস্ত্র উদ্ধারের থানা-ওয়ারী পরিসংখ্যান উপস্থাপন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) দের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। পাশাপাশি ভেজাল ওষুধ উৎপাদনকারী কারখানা শনাক্ত এবং তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নিয়মিত তদারকি করা প্রয়োজন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী সভায় জানান, সাম্প্রতিক সময়ে আনসার সদস্যদের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার এবং চোর চক্র গ্রেপ্তারে পুলিশ সাফল্য পেয়েছে। জেলার আইন-শৃঙ্খলা উন্নয়ন ও যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এআই (অও) প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ এবং সিএনজি পরিবহনে চাঁদাবাজি ও খাল খননে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মির্জা মো. আরাফাত ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী। সভায় বিজিবি, র‌্যাব, আনসার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, জেলা প্রশাসন, পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বিত তৎপরতায় নারায়ণগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।