সারাদেশ

রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসার সামনে বালুর স্তূপ: হামলায় আহত ১০

প্রিন্ট
রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসার সামনে বালুর স্তূপ: হামলায় আহত ১০

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, রাত ১১:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানের সামনে বালু ফেলে পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা আয়নাল হকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে হামলায় ব্যবসায়ী ও তাঁর স্ত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আয়নাল হক তারাব পৌর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি।

ভুক্তভোগী ব্যবসায়ী নয়ন মোল্লা ও তাঁর স্ত্রী পারভিন সুলতানা অভিযোগ করেন, যুবদল নেতা আয়নাল দীর্ঘদিন ধরে তাঁদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় রবিবার ভোরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলে স্তূপ করা হয়। এতে বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলায় ব্যবসায়ী নয়ন মোল্লা, তাঁর স্ত্রী পারভিন, মোমেন, সুমন ও রোকনসহ অন্তত ১০ জন আহত হন।

তবে চাঁদাবাজি ও হামলার অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা আয়নাল হক। তাঁর দাবি, চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০১৮ সালে ওই ব্যবসায়ী আমাদের কাছ থেকে একটি জমি বায়না করলেও আট বছরেও তা বুঝে নেননি। আমি আমার নিজের জমিতে বালু ফেলেছি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।