সারাদেশ

নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার: উদ্ধার স্বর্ণালঙ্কার ও অস্ত্র

প্রিন্ট
নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার: উদ্ধার স্বর্ণালঙ্কার ও অস্ত্র

প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, বিকাল ৫:০৯

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর দুটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে ডাকাত দলের দুই সর্দারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও আনসার সদস্যদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি শটগান।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

পুলিশ জানায়, গত ৮ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় এক জাপান প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে নেমে চট্টগ্রাম থেকে ডাকাত সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে সোনারগাঁয়ের মাগুড়া এলাকা থেকে লুণ্ঠিত স্বর্ণ ও মালামাল উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ২ জুলাই বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শটগান লুটের ঘটনায় রূপগঞ্জ থেকে ডাকাত সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে একটি শটগান উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।