সারাদেশ

বেকার যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে ৫০ বিজিবি

প্রিন্ট
বেকার যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে ৫০ বিজিবি

প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, রাত ৯:১০

সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষিত বেকার তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি। সীমান্তবর্তী এলাকার তরুণ তরুণীদের তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ১৬ সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার ২৯ জুলাই দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান। এ সময় পুলিশ সুপার, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের আধুনিক প্রযুক্তিনির্ভর পেশায় যুক্ত করার পাশাপাশি তাদের আয়মুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দেশীয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটে কাজের সুযোগ তৈরি করতে পারবেন। একই সঙ্গে বিকল্প কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেলে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হওয়ার প্রবণতাও কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিজিবির এই উদ্যোগ সীমান্ত এলাকার তরুণদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন।