সারাদেশ

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ: ২ শ্রমিক দগ্ধ

প্রিন্ট
ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ: ২ শ্রমিক দগ্ধ

প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় গভীর রাতে বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মামুন (২৩) ও আশরাফুল আলম (৩৬) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। একই সাথে বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির চারপাশের দেয়াল, ছাদ উড়ে গেছে এবং আশপাশের বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সোয়া ২টায় ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড় এলাকার হলি ফেব্রিক্স নামক ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে বয়লার বিস্ফোরণে পুরো সস্তাপুর এলাকা তীব্র ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে, বয়লারের প্রায় ৭০-৮০ কেজি ওজনের একটি লোহার প্লেট একটি আটতলা ভবনের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রায় এক হাজার গজ দূরে একটি আধাপাকা ঘরের চালে আছড়ে পড়ে। এতে ঘরটি দুমড়েমুচড়ে যায় এবং আশপাশের অসংখ্য বাড়িঘরের জানালার কাচ ভেঙে যায়।

এলাকাবাসীর অভিযোগ, সস্তাপুর গাবতলা এলাকায় জুট ও কাঁচা গাছ পুড়িয়ে অবৈধভাবে ডাইং কারখানা চালানো হচ্ছে। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও এগুলো বন্ধ হয়নি। ফলে আবাসিক এলাকায় এসব কারখানা এখন বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কারখানার অংশীদার রেজাউল হক জানান, নতুন একটি বয়লার পরীক্ষা করার সময় চুল্লিতে আগুন আটকে এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানান।