সারাদেশ

১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রিন্ট
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:৫০

দেশের ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া ওসমানী স্টেডিয়ামে আয়োজিত একটি টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এখানে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে। প্রস্তাবিত স্পোর্টস ভিলেজগুলোতে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আর্চারি, শুটিং, সাঁতারসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আন্তর্জাতিক মানের সুবিধা থাকবে।

তিনি আরও জানান, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মাঠমুখী করতে এবং ডিভাইসের আসক্তি কমাতে বিশেষ ক্রীড়া কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম আসরেই প্রায় ১ লাখ ৬৮ হাজার অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং আগামীতে এ কার্যক্রম ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া আগামী পাঁচ বছরে প্রতিটি জেলায় একটি করে সুইমিং পুল নির্মাণ এবং দীর্ঘদিন অবহেলিত ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থে নির্মিত কোনো প্রকল্পে নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সমর্থকদের কোনো ধরনের সহিংসতায় না জড়িয়ে ইতিবাচক চেতনা বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।