সারাদেশ

রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

প্রিন্ট
রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:০৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রব্বানি মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) পাবই এলাকার এসকেএফ ফার্মাসিউটিক্যালস কারখানার পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রব্বানি মণ্ডল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাইরি মোহনপুর এলাকার মৃত জালাল মণ্ডলের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোতালিব জানান, একটি বালুবাহী ট্রাক ব্যাক গিয়ারে পেছনে যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে থাকা পথচারী রব্বানি মণ্ডলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।