সারাদেশ

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রিন্ট
নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:১৫

নারায়ণগঞ্জ জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জেলা। এখানকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্প গুণগত মান বজায় রেখে সময়মতো বাস্তবায়ন করতে হবে; কাজের কোনো অনিয়ম বা ধীরগতি বরদাস্ত করা হবে না।”

তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধির নির্দেশ দেওয়ার পাশাপাশি জেলাজুড়ে মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া শিল্পাঞ্চলের যানজট নিরসন, রাস্তাঘাট সংস্কার, শীতলক্ষ্যা ও মেঘনা নদীর দূষণ রোধ এবং আগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন জেলা প্রশাসক।

সভায় জেলার সড়ক, সেতু, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কৃষিসহ বিভিন্ন খাতের মাসিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।