সারাদেশ

অতীতের ক্ষত ভুলে শান্তিময় সমাজ গড়ার আহ্বান এমপি কালামের

প্রিন্ট
অতীতের ক্ষত ভুলে শান্তিময় সমাজ গড়ার আহ্বান এমপি কালামের

প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, রাত ৯:১৮

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম অতীতের রাজনৈতিক নিপীড়ন ও ভীতিকর পরিবেশের স্মৃতি চারণ করে বলেছেন, বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে, ঘর-সংসার ভেঙেছে এবং অনেককে বিদেশে পালিয়ে বেড়াতে হয়েছে। আজ দেশে সেই পরিবেশ নেই। আসুন, আমরা অতীতের ক্ষত ভুলে সবাই সম্মিলিতভাবে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ে তুলি।

রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ ২০ বছর পর মুছাপুর ইউনিয়নবাসীর ভোটে পুননির্বাচিত হওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি কালাম সরকারের আগামী দিনের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা মহাপরিকল্পনার কথা তুলে ধরেন।

সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, পুরুষেরা জীবিকার তাগিদে বাইরে ব্যস্ত থাকেন, তাই সংসারের নিয়ন্ত্রণ থাকে মায়েদের হাতে। সন্তানরা যাতে বিপথগামী না হতে পারে, সেদিকে মায়েদের কড়া নজর রাখতে হবে। তরুণদের অবক্ষয় সমাজের কোনো কল্যাণ করবে না।

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি হুঁশিয়ারি দেন, অপরাধী বা সমাজবিরোধীদের কোনো অবস্থাতেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না এবং এদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে এমপি কালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের প্রতি অত্যন্ত আন্তরিক। খুব শীঘ্রই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় হেলথ কার্ড এবং প্রতিটি পরিবারের জন্য আড়াই হাজার টাকার আর্থিক সহায়তাসহ ফ্যামিলি কার্ড চালু হতে যাচ্ছে। তিনি আরও জানান, অতীতে বন্দর উপজেলায় এত বিপুল পরিমাণ উন্নয়ন বরাদ্দ ও সাহায্য-সহযোগিতা কখনো আসেনি।

ত্রাণ কার্যক্রম প্রসঙ্গে সংসদ সদস্য জানান, বন্দর উপজেলার জন্য মোট ৬০ হাজার কেজি চাল বরাদ্দ পাওয়া গেছে। সুষম বণ্টনের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ৪৮০ জন উপকারভোগীর মাঝে মাথাপিছু ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এলাকায় খালকাটা কর্মসূচি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।