সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: স্বজনদের নির্যাতনের অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: স্বজনদের নির্যাতনের অভিযোগ

প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৮:৩৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিফা আক্তার রাত্রি (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের আজিবপুর রেললাইন মাছাপাড়া এলাকার নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিফা ওই এলাকার মৃত এমরান আহমেদ রৌশনের স্ত্রী।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত সোমবার ২০ জুলাই রাত সাড়ে ১১ টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নিহতের ১১ বছর বয়সী ছেলে মোহাম্মদ আরাফাত তার মাকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে সময় ঘরের দরজা খোলাই ছিল। আরাফাত তাৎক্ষণিক মোবাইল ফোনে বিষয়টি তার নানি সাবিয়া আক্তারকে জানায়। খবর পেয়ে স্বজনরা ছুটে আসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের শিশুপুত্র আরাফাত অভিযোগ করে জানায়, তার বাবা এমরান আহমেদ রৌশন মারা যাওয়ার পর থেকেই তার ফুফু নার্গিস, শিউলি, তানিয়া ও ইয়াসমিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার মায়ের ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। গত ১৮ মে তাকে মারধর করে রক্তাক্ত জখম করা হলে, শিশু আরাফাত পালিয়ে এক প্রতিবেশীর মোবাইল থেকে ৯৯৯-এ কল দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি জানায়। তবে অভিযোগ রয়েছে, সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো দৃশ্যমান সহযোগিতা পাওয়া যায়নি।

আরাফাত আরও জানায়, সকালে মায়ের ঝুলন্ত দেহ দেখে নানিকে খবর দেওয়ায় তার ফুফু নার্গিস তাকে চড়-থাপ্পড় মারে। এ নিয়ে কাউকে কিছু বললে তাকে এবং তার বোনকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে সে দাবি করে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।