সারাদেশ

রূপগঞ্জে দুই নেতার দ্বন্দ্বে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে তালা

প্রিন্ট
রূপগঞ্জে দুই নেতার দ্বন্দ্বে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে তালা

প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, রাত ৯:৫৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই নেতার দ্বন্দ্বের জেরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে দাউদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় একটি মার্কেটের ঘর ভাড়া নিয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেন নেতাকর্মীরা। তবে সম্প্রতি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঙ্গে ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক শাহীন আকন্দের দ্বন্দ্বে পরিস্থিতির অবক্ষয় ঘটে। ওই বিরোধের জেরে রাতে কেউ একজন অফিসের আগের তালা বদলে নতুন তালা ঝুলিয়ে দেয়। এতে সকালে এসে কার্যালয়ে ঢুকতে না পেরে ফিরে যান দলীয় কর্মীরা।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা শাহীন আকন্দ বলেন, অফিসে আমি তালা দিইনি, মার্কেটের মালিক জাইদুল আকন্দ দিয়েছেন। আমি বলেছি, ঘর ভাড়া সংক্রান্ত বিষয় তাদের ব্যাপার। প্রয়োজনে তালা ভেঙে নেতাকর্মীদের অফিসে বসতে বলেছি।

এ বিষয়ে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলালউদ্দিন বলেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও দলীয় কার্যালয়ে তালা দেওয়ার এখতিয়ার কারও নেই। বিষয়টি খতিয়ে দেখে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।