সারাদেশ

কর্মসংস্থানের পথ খুলতে ফুলবাড়ীতে কারিগরি দক্ষতা মেলা

প্রিন্ট
কর্মসংস্থানের পথ খুলতে ফুলবাড়ীতে কারিগরি দক্ষতা মেলা

প্রকাশিত : ২৪ জুলাই ২০২৬, দুপুর ১২:৫৯

যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে কারিগরি দক্ষতা মেলা। বুধবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ মেলায় বিপুল সংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম ও উদয়াঙ্কুর সেবা সংস্থার যৌথ আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী পর্বে প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বলেন, দক্ষতা উন্নয়নই টেকসই কর্মসংস্থানের অন্যতম ভিত্তি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে যুবকদের আধুনিক কারিগরি প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুড়িগ্রামের কর্মকর্তা এস এম মেহেদী হাসান জানান, টিটিসিতে বর্তমানে ১২টি ট্রেডে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি তিন মাস অন্তর নতুন ব্যাচে ভর্তি নেওয়া হয় এবং এ সংক্রান্ত তথ্য টিটিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তিনি বলেন, উদয়াঙ্কুর সেবা সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় আগামী ব্যাচে ফুলবাড়ীর আগ্রহী প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন বলেন, দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৪৭টি ট্রেডে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ঋণ সুবিধাও দেওয়া হচ্ছে। তিনি জানান, এ কর্মসূচির আওতায় আগ্রহী ৯০ জনকে তিনটি ব্যাচে মাশরুম চাষ এবং ৩০ জনকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি যুবকদের নিয়মিত যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানান তিনি।

মেলা শুরুর আগে ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী যুবকদের বিভিন্ন দক্ষতা ও সম্ভাবনা মূল্যায়ন করা হয়। পরে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা যুব উন্নয়নের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিভিন্ন প্রশিক্ষণ বুথ ঘুরে দেখেন এবং সম্ভাব্য প্রশিক্ষণার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করেন।