সারাদেশ

সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার: আস্তানা থেকে শটগান ও অস্ত্র উদ্ধার

প্রিন্ট
সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার: আস্তানা থেকে শটগান ও অস্ত্র উদ্ধার

প্রকাশিত : ২৪ জুলাই ২০২৬, রাত ৯:৫৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিল্পকারখানায় চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও অস্ত্র মহড়ার মূল হোতা শীর্ষ সন্ত্রাসী রাসেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার ভোররাতে ঢাকা ও সোনারগাঁওয়ে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তারের পর তার আস্তানা থেকে একটি দেশীয় শটগান, ৪ রাউন্ড গুলি ও ১৪টি টেঁটা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ও র‌্যাব-২-এর একটি যৌথ দল ঢাকার শেরেবাংলা নগরের পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁওয়ের কুরবানপুরে তার বসতবাড়ির সংলগ্ন গোডাউন থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর এলাকার মৃত সাফাতুল্লার ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁও ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, হামলা ও চাঁদাবাজিসহ অন্তত ১২টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় একক আধিপত্য বিস্তার করতে রাসেলের বাহিনী প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিত। স্থানীয় শিল্পকারখানা, ঝুট ব্যবসা ও আবাসন প্রকল্পে চাঁদাবাজির পাশাপাশি তাদের অপকর্মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপরও একাধিকবার সশস্ত্র হামলা চালিয়েছে রাসেলের গ্যাং।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিনের সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার হওয়ায় এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।