সারাদেশ

মোবাইলে ডেকে এনে যুবক হত্যা. প্রধান আসামি গ্রেফতার

প্রিন্ট
মোবাইলে ডেকে এনে যুবক হত্যা. প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, সন্ধ্যা ৮:২১

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে মারধরের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভূল্লী থানা পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মোহাম্মদ শাজাহান আলীকে গ্রেফতার করে। তিনি ভূল্লী উপজেলার কুমারপুর এলাকার আফজালপাড়ার বাসিন্দা। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুরবাড়ী এলাকায় নজরুল ইসলাম (২৬) নামে এক যুবককে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয়। পরে সংঘবদ্ধভাবে তাকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ জুলাই রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মোহাম্মদ শাজাহান আলীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ভূল্লী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।