সারাদেশ

বন্দরে বিলাসবহুল গাড়ি থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার

প্রিন্ট
বন্দরে বিলাসবহুল গাড়ি থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার

প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, রাত ৯:৫০

নারায়ণগঞ্জের বন্দরে একটি বিলাসবহুল জিপ গাড়ি থেকে আনুমানিক এক কোটি টাকা মূল্যের ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী অংশে অবস্থান নেয় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টয়োটা ক্লুগার ব্র্যান্ডের একটি জিপ গাড়ি ফেলে এক ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা পাওয়া যায়।

র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদক ও গাড়িটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।