ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের গুরুত্বপূর্ণ দুটি সড়ক প্রশস্তকরণের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা, চীনা প্রতিনিধি দল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন রানা মান্নান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সোমবার এলজিইডির একটি উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে গড়েয়া থেকে ঝাঠিভাঙ্গা সড়ক এবং পানিয়া ঘাট থেকে নতুন পাঁচপীর সুইচ গেট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা হয়। এ সময় সড়কের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় প্রশস্ততা, ভূমির বাস্তব পরিস্থিতি এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য দিকগুলো নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়ক দুটি প্রশস্ত ও আধুনিকায়নের দাবি জানিয়ে আসছেন তারা। বর্তমান সড়ক সংকীর্ণ হওয়ায় প্রতিদিন যান চলাচলে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়।
তাদের মতে, সড়ক প্রশস্তকরণের কাজ বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও গতিশীল হবে। একই সঙ্গে কৃষি, ব্যবসা বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে প্রকল্পের কাজ শুরু করা হলে দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট অনেকটাই দূর হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
মতামত