সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: যুবক গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: যুবক গ্রেফতার

প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, রাত ১১:০৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ে করার প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ডেমরার একটি তৈরি পোশাক কারখানায় চাকরির সুবাদে ভুক্তভোগী নারীর সাথে সহকর্মী মো. সাগর আহমেদ (২৮) পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ জুন রাত ৮টার দিকে সাগরের পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে তিনি ওই নারীকে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর নয়াআটি এলাকার ভাড়া বাসায় ডেকে নিয়ে যান এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরবর্তীতে ভুক্তভোগী নারী বিয়ের চাপ দিলে অভিযুক্ত সাগর তা অস্বীকার করেন এবং ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। পরে ২৭ জুন ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করান। স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় অবশেষে তিনি থানায় মামলা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।