সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে লরি হেল্পারের মৃত্যু

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে লরি হেল্পারের মৃত্যু

প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, রাত ১১:২৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফজলে রাব্বি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও রোডস্থ উদয়ন স্মৃতি ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলে রাব্বি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সুমিল পাড়া এলাকায় বসবাস করতেন এবং একটি তেলের লরির হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কাজ শেষে পুকুরঘাটে হাত-মুখ ধুতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যান ফজলে রাব্বি। দীর্ঘ সময় ফিরেনি দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩ শত শয্যাবিশিষ্ট (খানপুর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।