রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর রুশ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার সকাল প্রায় ১০টার দিকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রীনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত কুদরিন সার্গেই ৫৬ বছর বয়সী রাশিয়ার নাগরিক। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান Trest Rossem এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রীনসিটির ওই কক্ষেই বসবাস করতেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত মদ্যপানের পর একই প্রতিষ্ঠানে কর্মরত দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে কুদরিন সার্গেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পাবনা এসআরটি হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনায় আহত অপর রুশ নাগরিককে পাবনা এসআরটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান বলেন, ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত