সারাদেশ

মাগুরার শ্রীপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রিন্ট
মাগুরার শ্রীপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ৩ আগস্ট ২০২৬, রাত ৯:০৯

মাগুরার শ্রীপুরে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং গ্রাম্য বিরোধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার দুপুরে শ্রীপুর থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাসউদ্দীন এবং ফোরামের সহসভাপতি মুন্সি রেজাউল করিম।

সহকারী পুলিশ সুপার বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান মোল্লা, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সোহাগ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা, মাসুদ মজুমদার, গয়েশপুর ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সাধারণ সম্পাদক শাহ আলম তুফান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বদরুল আলম লিটুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকদ্রব্যের বিস্তার রোধ, গ্রাম্য সংঘাত প্রতিরোধ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।